মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে স্থানীয় অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক বিপু মাদবরের উপর মাদককারবারীদের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে বাড়ি ফেরার পথে মাদক ব্যবসায়ী সিজান ও তার সহযোগীরা তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
আহত সাংবাদিক বিপু মাদবর জানান, প্রতিদিনের মতো বাসায় ফেরার সময় পূর্বশত্রুতার জেরে সিজান ও তার সহযোগীরা অতর্কিতভাবে হামলা চালায়। “ওরা ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে।
সৌভাগ্যবশত শরীরে সোয়েটার থাকায় বড় ধরনের ক্ষতি হয়নি, তবে শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাত পেয়েছি,” বলেন তিনি। এ ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
বিপু মাদবর আরও জানান, কয়েকদিন আগে টঙ্গিবাড়ীতে মদপান করে পাঁচজনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তিনি সংবাদ প্রকাশ করেছিলেন।
সে ঘটনায় হামলাকারী সিজানও নিহতদের সঙ্গে মদপানে জড়িত ছিলেন এবং দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। ওই ঘটনার সংবাদ প্রকাশ করায় সিজান ক্ষুব্ধ হয়ে দলবল নিয়ে তার ওপর এই হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।
ঘটনার বিষয়ে টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, “আহত সাংবাদিক আমাকে বিষয়টি জানিয়েছে। তাকে থানায় এসে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”