ভোলা প্রতিনিধি:
আজ শনিবার আসরের নামাজ শেষে ভোলার জান্নাতুল ফেরদাউস (খলিফাপট্টি) জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ইসলামী ছাত্রশিবির ভোলা পৌরসভার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে সমাবেশে মিলিত হয়।
হাসনাইন আহমেদের সঞ্চালনায় মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন গ্যাস ও সেতু আন্দোলনের নেতা এবং ইসলামী ছাত্রশিবির ভোলা শহর সভাপতি আব্দুল্লাহ আল আমিন। বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির ভোলা পৌরসভা সভাপতি জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন,“ভোলার ২২ লাখ মানুষের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা বিভিন্ন পর্যায়ের উপদেষ্টাদের সঙ্গে বহুবার আলোচনা করেছি। প্রতিবারই আশ্বাস দেওয়া হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ ভোলায় রাত ১০টার পর কেউ অসুস্থ হলে দ্রুত চিকিৎসার জন্য বাইরে যাওয়া প্রায় অসম্ভব। সেতু না থাকা এবং পর্যাপ্ত চিকিৎসা সুবিধার অভাবে মানুষের প্রাণহানি ঘটছে। ভোগান্তি থেকে মুক্তির একমাত্র উপায় ভোলা–বরিশাল সেতু নির্মাণ।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন,“আগামী ৭২ ঘণ্টার মধ্যে সেতু নির্মাণের কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া না হলে ভোলা থেকে গ্যাস নিতে দেওয়া হবে না।”মাবেশে বক্তারা ভোলার দীর্ঘদিনের অবকাঠামোগত বঞ্চনা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।