মুন্সিগঞ্জ প্রতিনিধি :
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে গলায় রশি বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল তিনটার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মোহাম্মদ আলী জানান, দুপুরের দিকে নদীর কচুরিপানার ভেতর লাশটি ভাসতে দেখে তারা দ্রুত কুমিল্লার চালিভাঙ্গা নৌ–পুলিশকে খবর দেন। পরে নৌ–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
চালিভাঙ্গা নৌ–পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল হক বলেন, “লাশের গলায় রশি বাঁধা ছিল এবং পেটে ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে। মৃতদেহে ফুলহাতা গেঞ্জি পরিহিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি নদীতে চার থেকে পাঁচ দিন ধরে ভাসমান ছিল।”
এ বিষয়ে গজারিয়া নৌ–পুলিশের ইনচার্জ শরজিৎ কুমার জানান, ঘটনাস্থল চালিভাঙ্গা নৌ–পুলিশ ফাঁড়ির দায়িত্বসীমার কাছাকাছি হওয়ায় তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।