সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খাঁনের নেতৃত্বে হাজারো মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোডাউনটি শুরু হয়ে সুনামগঞ্জ শহর ঘুরে তাহিরপুর বাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে মাওলানা তোফায়েল আহমদ খান বলেন, অতীতে যারা বারবার ক্ষমতায় এসেছে তারা দেশকে ব্যক্তিগত ভোগ–বিলাসের সম্পদে পরিণত করেছে। দখলবাজি ও লুটপাটের মাধ্যমে রাষ্ট্রের সম্পদ অপচয় করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি দাবি করেন, এসব সম্পদ বিদেশে পাচার করে বিভিন্ন দেশে বাড়ি–বিলাসের সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে।
তিনি আরও বলেন, সুনামগঞ্জ-১ আসনটি হাওর অঞ্চলে হওয়ায় এখানকার মানুষের জীবনমান উন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন। গত ১৬ বছরে এই অঞ্চলে তেমন উন্নয়ন হয়নি বলেও তিনি অভিযোগ করেন।
নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগকে অগ্রাধিকার দিয়ে হাওর অঞ্চলের জন্য একটি মাস্টারপ্ল্যান গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি কৃষক ও শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করার কথা জানান।
আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করারও আহ্বান জানান তিনি।
শোডাউন ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সুনামগঞ্জ–৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট শামস উদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।