মনিরুল ইসলাম ,নাটোর প্রতিনিধি :
আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাটোর-২ (নাটোর সদর–নলডাঙ্গা) আসনে প্রচারণা জোরদার হয়েছে। নির্বাচনী মাঠে জনসংযোগের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী শনিবার (২২ নভেম্বর) সকালে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন।
সকাল থেকে শুরু হওয়া শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রাটি নাটোর সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নলডাঙ্গা উপজেলার একাধিক গ্রাম প্রদক্ষিণ করে। পথে পথে সমর্থকরা স্লোগান, ব্যানার ও পতাকা নিয়ে প্রার্থীকে স্বাগত জানান। এতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ইউনুস আলী বলেন,
“জনগণের কল্যাণ, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমার মূল অঙ্গীকার। আমি বিশ্বাস করি, জনগণের ভোটই পরিবর্তনের পথ দেখাবে।”
শোভাযাত্রায় জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী–সমর্থকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নির্বাচনী এলাকায় এ উদ্যোগে নতুন প্রাণ ফিরে এসেছে বলে মন্তব্য করছেন স্থানীয়রা।