মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ-১ আসনে ‘বিতর্কিত ব্যক্তিকে’ মনোনয়ন দেওয়ার খসড়া সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় নেতাকর্মীদের কঠোর প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে নতুন করে মনোনয়ন বিবেচনার দাবিতে শ্রীনগর স্টেডিয়ামে শনিবার বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেন, “এ আসনে জনগণ যাকে নেতা হিসেবে মেনে নেবে, মনোনয়ন সেই ব্যক্তিকেই দেওয়া হবে। বিতর্কিত কাউকে মনোনয়ন দেওয়ার প্রশ্নই আসে না।”
জনসভায় আরও উপস্থিত ছিলেন মনোনয়নপ্রত্যাশী শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন। তারা তিনজন একই মঞ্চে দাঁড়িয়ে দলীয় মনোনয়ন তালিকা পুনর্বিবেচনার আহ্বান জানান।
সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল এসে স্টেডিয়ামের চারপাশ ভরাট করে ফেলে। প্রায় ২০ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে স্টেডিয়াম এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে যারা বিএনপির আন্দোলন-সংগঠনে সক্রিয় ছিলেন, হামলা-মামলার মধ্যেও দলকে ধরে রেখেছেন—এমন যোগ্য নেতাদের বাদ দিয়ে মনোনয়ন তালিকায় বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে।
জনসভা শেষে বেলা ১টার দিকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় অবস্থান নেন। কিছু কর্মী এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করলে মীর সরফত আলী সপুর অনুরোধে তারা সরে গিয়ে পাশেই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলের মতামতকে অগ্রাধিকার দিতে হবে। অন্যথায় দলের প্রতি মানুষের আস্থায় আঘাত লাগবে।
মীর সরফত আলী সপু ও আলহাজ্ব মমিন আলী আশা প্রকাশ করেন—দলের উচ্চপর্যায় মুন্সিগঞ্জ-১ আসনের মনোনয়ন বিষয়ে পুনর্বিবেচনার মাধ্যমে তৃণমূলের প্রত্যাশা পূরণ করবে।