নেত্রকোনা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় কমিটির প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, জামায়াতে ইসলামী যে ৫টি দাবী নিয়ে আন্দোলন করেছে তার মধ্যে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড অন্যতম।
কিন্তু আমরা লক্ষ করছি সাধারণ মানুষকে একটি বৃহৎ দল জামায়াতকে ভোট না দিতে, ভোট দিলে পরে তাদেরকে দেখে নিবে বলে হুমকি দিচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পর জাতি আর কোন হিংসাত্মক রাজনীতি দেখতে চায়না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়নি।
শনিবার দুপুরে শহরের মোক্তারপাড়া জেলা প্রেসক্লাব মিলনায়তনে নেত্রকোনা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এ সময় দলের মনোনীত ৫টি আসনের প্রার্থীদেরকে সাংবাদিকদের সাথে পরিচয় করিয়ে দেয় হয়।
তিনি আরও বলেন, জামায়াতের ৫টি দাবীর সাথে একমত হয়ে ৮টি ইসলামি দল একত্রিত হয়েছে। আমরা আসন সমঝোতার ভিত্তিতে এ ৮দল নির্বাচন করবো ইনশাআল্লাহ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। সেটা যদি জামায়াতে বিপক্ষেও যায় করবেন। তবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কোন বিষয়েও সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে হবে। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রত্যেক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপযুক্ত পারিশ্রমিক ও যথাযথ সম্মানের ব্যবস্থা করা হবে।
এসময় জেলা জায়াতের সেক্রেটারী বদরুল আমীন ৫টি আসনের ৫ জন প্রার্থী নেত্রকোনা-১ (কলমাকান্দা ও দুর্গাপুর) আসনে মাওলানা আবুল হাসেম, নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর ও বারহাট্রা) আসনে জেলা জামায়াতের সাবেক আমির ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক,
নেত্রকোনা-৩ (আটপাড়া ও কেন্দুয়া) আসনে অধ্যাপক খায়রুল কবির নিয়োগী, নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আল হেলাল তালুকদার ও নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে অধ্যাপক মাছুম মোস্তফা উপস্থিত ছিলেন।