সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেত্রকোনা–৪ (মোহনগঞ্জ–মাদারপুর) আসনের মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে তিনটি মৃত্যুদণ্ড ও তিনটি যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘শখ পূরণ হয়নি’। তিনি দাবি করেন, আরও সময় পেলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় তিনি এসব কথা বলেন।
বাবর বলেন, “শেখ হাসিনা যা চেয়েছিলেন, আমি তা করিনি। অনেক লোক, এমনকি মন্ত্রী পর্যায়ের লোকও আমার কাছে গিয়েছিল, কিন্তু আমি তাদের কথায় সাড়া দিইনি। এজন্য আমার ওপর নির্যাতন বাড়ানো হয়েছে। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আজ আমি আবার আপনাদের কাছে ফিরে এসেছি।”
তিনি আরও বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ নিয়েই তিনি রাজনীতি করছেন। নির্বাচিত হলে এলাকায় কর্মসংস্থান বাড়ানোই হবে তার প্রধান লক্ষ্য।
বাবর বলেন, “আমি চাই আমার নির্বাচনী এলাকা বেকারমুক্ত হোক। প্রত্যেক তরুণকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব। স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”
মাদক ও জুয়া বিরোধী অবস্থান জানিয়ে তিনি বলেন, “সমাজ ঠিক করতে হলে আগে মাদকমুক্ত করতে হবে। আমার এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা মাদকাসক্ত থাকতে পারবে না। কাউকে দেখলে পুলিশে দিন। কেউ তদবির করতে এলে তাকেও ধরবেন—কোনো ছাড় দেওয়া হবে না।”