ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসায় হাতবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ময়মনসিংহ জেলা ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ যৌথভাবে এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কেওয়াটখালী এলাকার মাসুদ রানা (৪৫), আকুয়া বোর্ডঘর এলাকার আরিফ (৩০), একই এলাকার বিপুল (২১) এবং আকুয়া ওয়্যারলেস গেইট এলাকার রাজন (১৯)। পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনই বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।
ঘটনার দিন বুধবার রাত ৩টার দিকে ময়মনসিংহ নগরের ঢোলাদিয়া এলাকায় রাফিয়ার পরিবারের বাড়ির প্রধান গেইট লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয় এবং পরবর্তীতে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। বিস্ফোরণের শব্দে নিকটবর্তী বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও রাফিয়ার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে দ্রুত অভিযান শুরু করে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, “গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাত দুষ্কৃতিকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক সম্পৃক্ততা, উদ্দেশ্য, পরিকল্পনা ও ঘটনার পূর্বাপর পরিস্থিতি যাচাই করা হচ্ছে।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এবং স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।