দুমকি প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বরিশাল গ্রোবাল ভিলেজ ইউনিভার্সিটির অনার্স ২য় সেমিস্টারের ছাত্র মো. জুবায়ের (২০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় লেবুখালী–বাউফল সড়কের মাদ্রাসা ব্রিজ সংলগ্ন সামিল এলাকায় মোটরসাইকেল ও অটোর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লেবুখালী দিক থেকে মোটরসাইকেলযোগে জুবায়ের ও তার বন্ধু জিহাদ দুমকীর দিকে আসছিলেন। পথিমধ্যে কাঠালতলা ও মাদ্রাসা ব্রিজের মাঝামাঝি স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটোর সাথে তাদের মোটরসাইকেলের তীব্র সংঘর্ষ হয়।
এতে দুজনেই গুরুতর আহত হন।স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লেবুখালী ইসলামিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. এনামুল হক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। জিহাদকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ঘটনাস্থলে ডিউটি অফিসার পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহত জুবায়ের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মো. আবুল কালামের ছেলে। তাদের বাড়ি রাজবাড়ী জেলায় অবস্থিত।