পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর হাওলাদার (৫৫) কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা ১৮ মিনিটে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সূত্রে জানা যায়, ঘটনা সম্পর্কে তারা পূর্বে কিছুই জানতেন না। তার ভাগ্নি রুমা বলেন, “আমার মামা সুস্থ মানুষ ছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়েছেন এটা আমরা জানতাম না। মারা যাওয়ার পর আমরা বিষয়টি জানতে পারছি।”
কারা সূত্র জানায়, গত ১১ নভেম্বর ‘ডেভিল হান্ট’ অভিযানে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে কারাগারে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। মাত্র ১০ মিনিটের মধ্যেই ভর্তি করানো হয় এবং ইসিজি করার সময়ও তিনি জীবিত ছিলেন। তবে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১৮ মিনিটে মৃত্যু ঘটে।
পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার আতিকুর রহমান জানান, “অসুস্থ হওয়ার পর দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তিনি মারা যান। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে।”