মঈন উদ্দীন, বান্দরবান প্রতিনিধি
বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনে ঘোষিত বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে মনোনয়ন প্রদানের দাবিতে বিক্ষোভ ও পদযাত্রা করেছে দলের একাংশের নেতাকর্মীরা।
সোমবার (১৭ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণ এ পদযাত্রা শেষে আবু সাঈদ মুক্তমঞ্চ চত্বরে সমাবেশে মিলিত হন তারা।
এ কর্মসূচিতে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের একটি অংশের নেতাকর্মীরা অংশ নেন। পুরো পদযাত্রাজুড়ে “জাবেদ রেজাকে মনোনয়ন চাই”, “দলীয় প্রার্থী পুনর্বিবেচনা চাই”— এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে শহর।
সমাবেশে বক্তারা বলেন, বান্দরবানের সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কর্মীরা জাবেদ রেজাকেই পছন্দের প্রার্থী হিসেবে দেখছেন। তাই দলের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় নেতৃত্বকে পুনরায় চিন্তা করে মনোনয়ন প্রক্রিয়া সংশোধন করার আহ্বান জানানো হয়।
তাদের অভিযোগ, ঘোষিত প্রার্থী এলাকায় গ্রহণযোগ্য নন এবং তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে যুক্ত থাকা সত্ত্বেও জাবেদ রেজার নাম কেন্দ্রে বিবেচিত হয়নি, যা নেতাকর্মীদের মাঝে অসন্তোষ তৈরি করেছে। এ ক্ষোভ নির্বাচনী মাঠেও প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেন তারা।