জিয়াউর রহমান,পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক গোপন অভিযানে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে জেলা পুলিশের বিশেষ সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
ডিবি সূত্রে জানা যায়, পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরের নির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র) মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার ৫নং ওয়ার্ডের কাপুড়িয়াপট্টি এলাকায় আলহামদুলিল্লাহ মার্কেটের ৫ তলা ভবনের ৪র্থ তলায় অভিযান চালায়।
এসময় আসামি মোঃ মিজানুর জামান (৪৮)–এর শয়নকক্ষের ওয়াড্রোব থেকে একটি কাপড়ের ব্যাগের ভেতরে নীল রঙের জিপার প্যাকেটে রাখা মোট ৬০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিজানুর জামানের স্থায়ী ঠিকানা বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী এলাকায়। তবে তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ঠিকানা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকা। বর্তমানে তিনি কাপুড়িয়াপট্টির আলহামদুলিল্লাহ মার্কেটের ৪র্থ তলায় বসবাস করছিলেন।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।