মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, আগামীকাল সোমবারের রায়ের মাধ্যমে প্রমাণিত হবে যে ফ্যাসিবাদী শক্তির আর কখনো বাংলাদেশের রাজনীতিতে স্থান হবে না।
১৬ নভেম্বর (রবিবার) দুপুর ১২টার দিকে উপজেলার মধুপুর মাদরাসায় খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির পীর সাহেব আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।
সাক্ষাৎকালে সৌদি আরবের নায়েবে আমির শায়খ আবদুর রউফ মাক্কি এবং পাকিস্তানের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদিও উপস্থিত ছিলেন। এসময় রাজনৈতিক বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা হয়।
মীর সরফত আলী সপু বলেন, “বিএনপি কখনো আগুন সন্ত্রাস বা ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাসী নয়। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে স্বাধীনতার পক্ষের দল।”
তিনি আরও বলেন, “আগুন সন্ত্রাসের রাজনীতি সবসময় করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ। আমরা স্পষ্টভাবে বলতে চাই—আগুন সন্ত্রাস বন্ধ করে সোজা পথে আসুন। শেখ হাসিনার বিচার হবে এই বাংলাদেশের মাটিতেই।”
অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মোমিন আলী, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, বিএনপি নেতা খালেক শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।