আলী আক্কাছ মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় দলের শৃঙ্খলাজনিত কারণে বহিষ্কৃত বিএনপির দুই নেতাকে পুনর্বহাল করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে তারা আবারও দলের প্রাথমিক সদস্য হিসেবে ফিরে পেলেন তাদের আগের অবস্থান।
দলীয় সূত্র জানায়, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শামীম মোল্লা এবং আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুককে গত কিছুদিন আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়। বহিষ্কার হওয়ার পর দুই নেতা সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় দপ্তরে লিখিত আবেদন করেন।
তাদের আবেদন পর্যালোচনার পর এবং দলের অভ্যন্তরীণ আলোচনার ভিত্তিতে বহিষ্কারাদেশ তুলে নেওয়ার সিদ্ধান্ত জানায় বিএনপি। এতে দুই নেতার প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের ঐক্য ও শক্তিকে অক্ষুণ্ণ রাখতে এবং তৃণমূলের কর্মকাণ্ড সচল রাখতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।