জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ফকির মাহবুব আনাম স্বপনের মনোনয়ন বাতিলের দাবিতে মধুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর অনুসারী নেতাকর্মীরা মধুপুর উপজেলা শহরে এ কর্মসূচি পালন করেন।
মিছিল শহরের প্রধান সড়ক অতিক্রম করার পর থেকেই যানবাহন ও মানুষের চাপ বাড়তে থাকে। বর্তমানে মধুপুরের টাংগাইলে মহা সড়ক –ময়মনসিংহ রোড এবং জামালপুর রোডে তীব্র যানজট তৈরি হয়েছে। দুই সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘ লাইনে আটকে আছে বাস, ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেল। অনেক যাত্রী কয়েক ঘণ্টা ধরে ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, টাঙ্গাইল-১ আসনে বিএনপির মনোনয়ন চাইছিলেন তিনজন ১) কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্যবসায়ী ফকির মাহবুব আনাম স্বপন
২) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী
৩) অবসরপ্রাপ্ত লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ। বিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তারা দাবি করেন, ফকির মাহবুব আনাম স্বপন মধুপুরের স্থায়ী বাসিন্দা নন; তাঁর পৈত্রিক বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়। তারা অভিযোগ করেন, স্বপন কেবল নির্বাচনকেন্দ্রিক সময়ে মধুপুরে রাজনৈতিক তৎপরতা বাড়ান।
বক্তারা তাকে পুনরায় মনোনয়ন না দিয়ে স্থানীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ফকির মাহবুব আনাম স্বপনের পৈত্রিক বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরে হলেও তিনি দীর্ঘদিন ধরে টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে রাজনৈতিক তৎপরতা চালিয়ে আসছেন।
তিনি ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পরাজিত হন।