বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. হাফিজুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে এলাকার বেকার ও চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
শুক্রবার টঙ্গীর চেরাগআলী এলাকায় ‘মিট দ্য জেন-জি উইথ ড. হাফিজুর রহমান’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানটির আয়োজন করে সামাজিক সংগঠন ‘ইউনিটি অব থাউজেন্ডস’।
ড. হাফিজুর রহমান বলেন, শিল্পসমৃদ্ধ টঙ্গী ও গাজীপুরে শত শত ওয়াশিং কারখানা রয়েছে, যেখানকার বিষাক্ত বর্জ্য নদ-নদীতে মিশে ভয়াবহ পরিবেশ দূষণের সৃষ্টি করছে। এতে কৃষি, মাছ এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, নির্বাচিত হতে পারলে গাজীপুরকে একটি বাসযোগ্য, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তর করা হবে, যেখানে উন্নত ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, সবুজায়ন এবং টেকসই নগর পরিকল্পনাকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নগরবাসীর দুর্ভোগের কারণ হয়ে আছে উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত বহুল আলোচিত বিআরটি প্রকল্প। শত শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি পরিকল্পনামাফিক বাস্তবায়িত না হওয়ায় এটি এখন মানুষের জন্য দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
হাফিজুর রহমান প্রতিশ্রুতি দেন, নির্বাচনে জয়ী হলে বিশেষজ্ঞদের পরামর্শে মেগা প্রকল্প নিয়ে কাজ করে এই সংকটসহ অন্যান্য সব নাগরিক সমস্যার সমাধান করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোতাহার হোসেন মোহন এবং সঞ্চালনা করেন রাশেদ হোসাইন মুন্সি। এতে বক্তব্য দেন নূর মোহাম্মদ, মেহেদি হাসান বাপ্পি, জুলাইযোদ্ধা আজহারুল ইসলামসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম, নূর আলম, সোহানুর রহমান, আল আমিন বিজয় এবং মাহবুবুর রহমান।
ড. হাফিজুর রহমান বলেন, “টঙ্গী ও গাজীপুর শুধু শিল্পনগরী নয়, এখানকার তরুণদের পরিবর্তনের আকাঙ্ক্ষাই আমাদের শক্তি। তাদের জন্যই আমরা একটি সুশাসিত, উন্নত ও কর্মমুখী নগরীর লক্ষ্য নিয়ে কাজ করতে চাই।”