মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
র্যাব জানায়, বৃহস্পতিবার গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি এলাকায় অভিযান চালিয়ে আরিফ মীর হত্যা মামলার ৫২ নম্বর এজাহারনামীয় আসামি অহিদুজ্জামান (৩৫) ওরফে অহিদকে তারা আটক করে। গ্রেপ্তার অহিদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার বড় মোল্লাকান্দি গ্রামে।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা অহিদকে গোপন সংবাদের ভিত্তিতে সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করে আটক করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, ১০ নভেম্বর ভোরে চরডুমুরিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন আরিফ মীর (৩৮)। গুরুতর আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ১১ নভেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রায়হান খান (২২)।
ঘটনার পর নিহতের পরিবার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। ওই মামলারই অন্যতম আসামি অহিদকে গ্রেপ্তার করা হলো বলে জানায় র্যাব।