মেহেদী হাসান রাতুল ( সিলেট )
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত একাধিক চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ১ কোটি ৩১ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ১২ ও ১৩ নভেম্বর রাতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকা কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ও হোয়াইটটোন ফেসওয়াস, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বল এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছসহ একটি বালু উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়।
এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় পিয়াজ বোঝাই তিনটি গাড়ি আটক করা হয়।
অভিযানগুলোতে জব্দ করা সব পণ্যের মোট আনুমানিক সিজার মূল্য ১,৩১,৭৩,৩৬৫ টাকা বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ (১৩ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক ব্যাটালিয়ন সদরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। জাল টাকা ও অস্ত্র পাচার রোধে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”