মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়ায় আকিজ পেপার মিলের সামনে আনারপুরা এলাকায় একটি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছে গজারিয়া ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, ট্রাকটি পেপার তৈরির ফোকার গাইড সরঞ্জাম বহন করছিল। হঠাৎ ট্রাকটিতে আগুন ধরে গেলে সেটির কিছু অংশ ও তাতে থাকা সরঞ্জাম পুড়ে যায়। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে তাদের তৎপরতায় প্রায় ১৪ লাখ টাকার মালামাল অক্ষত রাখা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, এটি উশৃঙ্খল জনতার আগুন লাগানোর ঘটনা হতে পারে।
ঘটনার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে।