মো: হোসেন, মনপুরা প্রতিনিধি
ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রফেসর এ. এম. কামাল উদ্দিন বলেছেন, “একটি দল আগে চাঁদাবাজি ও নির্যাতন করে পালিয়েছে, এখন আরেকটি দল চাঁদাবাজি ও জুলুম নির্যাতন করছে। এদেশের মানুষ নৌকা ও ধানের শীষের শাসন দেখেছে—এখন তারা ইসলামী দলের পক্ষে ভোট দেবে।”
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবী পূরণ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না।
বুধবার এশারবাদে মনপুরা উপজেলা সদর হাজিরহাট বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কার্যালয়ের সামনে উপজেলা যুব আন্দোলন আয়োজিত নবাগত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই মনোনীত প্রার্থী প্রফেসর এ. এম. কামাল উদ্দিন।
প্রফেসর কামাল উদ্দিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করতে হবে। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে চরফ্যাশন ও মনপুরা উপজেলায় বিদ্যুৎ, যাতায়াত ব্যবস্থা ও নদীভাঙন রোধের সকল উন্নয়নমূলক কাজ স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করবেন। একই সঙ্গে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আশ্বাস দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন মনপুরা উপজেলা যুব আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি মুফতি আবদুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মো. শিহাব উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইউনুচ, মনপুরা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন ফরাজী এবং ভোলা জেলা ইসলামী আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ।