মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় রতন আহমেদ (২২) নামের এক ল্যাবরেটরি টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর ব্রিজ সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রতন আহমেদ বগুড়া জেলার বাসিন্দা হলেও পরিবারসহ গজারিয়া উপজেলার বড়ইকান্দি ভাটেরচর গ্রামে ভাড়া বাসায় থাকতেন। তিনি স্থানীয় গজারিয়া জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি চাকরি পরিবর্তন করে নারায়ণগঞ্জের মদনপুর এলাকার বারাকা হাসপাতালে যোগ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাতেও ডিউটি শেষে বাসায় ফিরছিলেন রতন। রাত সাড়ে ১০টার পর ভাটেরচর ব্রিজের পশ্চিম ঢালে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে গজারিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া জেনারেল হাসপাতালের এক চিকিৎসক জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের বাবা আব্দুল জলিল জানান, ‘আমার ছেলের সাথে থাকা মোবাইল ফোন, টাকা-পয়সা—কিছুই পাওয়া যায়নি। মনে হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমরা এ ঘটনায় থানায় মামলা করব।’
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম বলেন, ‘রাত ১১টার পর ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে যাই। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’