মো: হোসেন ,মনপুরা (ভোলা) প্রতিনিধি
আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ভোলার মনপুরা উপজেলা যুবদল ও ছাত্রদল।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলা যুবদলের কার্যালয় হাজিরহাট বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ ও তাদের দোসরদের সব কর্মসূচি মাঠে থেকে প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন—মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকরাম কবির, সদস্য সচিব শাহেদুল ইসলাম শাহীন, হাজিরহাট ছাত্রদলের আহ্বায়ক রুবেল ও সদস্য সচিব সাব্বিরসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল ও ছাত্রদল রাজপথে থেকে সরকারের দমননীতির জবাব দেবে।
সভা শেষে দলীয় স্লোগান ও মিছিলের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।