মো. মিরাজ হোসাইন, দৌলতখান প্রতিনিধি:
ভোলা–২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে বিএনপি ও ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম–এর সম্মানে দৌলতখানে এক বর্ণাঢ্য গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় দৌলতখান বাজার এলাকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ গণসংবর্ধনায় সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষ ঢল নামে। ব্যানার, ফেস্টুন, শ্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম–এর সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার–এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনায় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা–১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম নবী আলমগীর, সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আলহাজ্ব ওবায়দুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সহ–সভাপতি নিজাম ভুঁইয়া,
সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান কুট্টি, সহ–সাংগঠনিক সম্পাদক জুয়েল মাহমুদ জুলু খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, সদস্য সচিব আবু হেনা মো. রিয়াজ, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম বলেন, “দৌলতখান ও বোরহানউদ্দিনের মানুষের ভালোবাসাই আমার শক্তি। আমি জনগণের প্রতিনিধি হয়ে আপনাদের পাশে থাকতে চাই।” তিনি শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানান এবং প্রতিশ্রুতি দেন— নির্বাচিত হলে বরিশাল–ভোলা সেতু নির্মাণ, বেকারত্ব দূরীকরণ ও দৌলতখান–বোরহানউদ্দিনকে শিল্পাঞ্চলে রূপান্তর করবেন।