সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি ক্ষমতায় গেলে কৃষক ও কৃষির স্বার্থে আলাদা হাওর মন্ত্রণালয় গঠন করা হবে বলে জানিয়েছেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মূল লক্ষ্য মানুষের জীবনের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষার মানোন্নয়ন এবং নারী সমাজের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। বিএনপি ক্ষমতায় গেলে হাওরাঞ্চলের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। কৃষক ও কৃষির স্বার্থে হাওর মন্ত্রণালয় গঠনের উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমতৈল গ্রামে নারীদের নিয়ে উঠান বৈঠক এবং বিকেলে শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলী বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শুধু ভোটার নন, পরিবর্তনের শক্তি। দেশের জনসংখ্যার অর্ধেক নারী তাদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় গেলে নারী শিক্ষা, কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখবে। তাই নারী ভোটারদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই।
হাওরাঞ্চলের অবহেলিত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বছরের অর্ধেক সময় পানিতে ডুবে থাকা হাওরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেই। বিএনপি ক্ষমতায় এলে হাওরের কৃষি, মৎস্য ও পর্যটন খাতকে আধুনিকায়ন করা হবে।
তিনি অভিযোগ করে বলেন, দু-একটি দল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। কারণ তারা জানে, নির্বাচনে গেলে ভোটের মাঠে বিএনপির ধারে কাছেও পৌঁছাতে পারবে না। বিএনপি জনগণের দল, আর জনগণই বিএনপির শক্তি। ইনশাআল্লাহ জনগণের ভোটের মাধ্যমেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে।
পথসভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আহমদ তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাজী আব্দুস সামাদ । সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।