সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী’ সম্বোধন করায় কুমিল্লা উত্তর জেলা বিএনপি তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এএফএম তারেক মুন্সী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, মেহেদী হাসান সেলিমকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা কমিটির সামনে হাজির হয়ে লিখিত জবাব দিতে হবে—কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না।
ঘটনার সূত্রপাত গত ৭ নভেম্বর তিতাস উপজেলার গাজিপুরে তিতাস ভবনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায়। ওই সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, “জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।” মুহূর্তেই নিজের ভুল বুঝতে পেরে সংশোধন করে বলেন, “শেখ খালেদা জিয়াকে।” তবে উপস্থিত কিছু নেতা–কর্মী সাংবাদিকদের ভিডিও রেকর্ড বন্ধ করতে অনুরোধ জানাতে শোনা যায়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া এবং প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার।
ঘটনা ছড়িয়ে পড়ার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। তবে মেহেদী হাসান সেলিম তার ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতি দিয়ে বলেন, “আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছিলাম। ভুলক্রমে অন্য নাম উচ্চারণ করেছিলাম, যা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়েছি।”
তবে জেলা বিএনপি সূত্র জানায়, তার এই ‘ভুল’ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।