সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ অভিযানে ব্যাংক একাউন্টের মাধ্যমে ১৭,৫৪,০০০/- (সতের লক্ষ চুয়ান্ন হাজার) টাকা প্রতারণা মামলার আন্তঃজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে ৮ নভেম্বর সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ঘটে গত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, যখন মোঃ জাবেদ আলী, পিতা: মৃত সোনা উল্লাহ, সাং: মৌজা শাখাতি, থানা: কালীগঞ্জ, জেলা: লালমনিরহাট, পূর্ব সিন্দুর্ণা ইউসিবি ব্যাংকের লোন একাউন্ট থেকে তার ব্যক্তিগত একাউন্টে ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা ট্রান্সফার করেন।
কিন্তু তার অনুমতি ব্যতীত মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ৫টি পৃথক ট্রান্সজেকশনের মাধ্যমে মোট ১৭,৫৪,০০০/- টাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা সিটি ব্যাংকের একাউন্টে স্থানান্তর করে আত্মসাৎ করে।
এই ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা নং-১৯, তারিখ: ১২/০৯/২০২৫, ধারা: ৪০৬/৪২০ পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করা হয়।
পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত পরিচালনা করে।
অভিযান চালিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জাঙ্গালপাশা গ্রাম থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তারা হলেন মোঃ জোনায়েদ (৪১), পিতা: হাচেন ফরাজি, দুখাই মাতাব্বর (৪৭), পিতা: শাহ মাতাব্বর
তারা উভয়েই আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। গ্রেফতারকৃত আসামিরা মামলার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।