আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, “আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল ভোট বিলম্বের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা নতুন কৌশলে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায়।
” তিনি আরও বলেন, “এই ষড়যন্ত্র জনগণ কখনো মেনে নেবে না। গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্বেই হবে আগামী আন্দোলনের জয়।” শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে নোয়াখালীর সেনবাগ থানামোড়ে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী। এতে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশকে ঘিরে থানামোড় ও আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। বিকেলের দিকে বিভিন্ন ইউনিয়ন থেকে বর্ণাঢ্য মিছিল এসে সমাবেশস্থলে মিলিত হয়।