মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে এক অনন্য ও আকর্ষণীয় বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে হেলিকপ্টার যোগে। শুক্রবার (০৭ নভেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় বর মোঃ আল আমিন (২৫), পিতা নেছের আহম্মেদ মুন্সী, সাং চাপ, ইউনিয়ন যশলং, থানা টংগিবাড়ী, জেলা মুন্সিগঞ্জ, হেলিকপ্টার যোগে কনে মরিয়ম আক্তার ফারিয়া (২০), পিতা ফারুক বেপারী, মাতা নাসিমা বেগম, সাং শিলই, থানা ও জেলা মুন্সিগঞ্জে বিবাহ সম্পন্ন করতে যান।
পরে বিকেল ৪টা ৪০ মিনিটের সময় নববধূকে সঙ্গে নিয়ে বর আল আমিন একই হেলিকপ্টারে করে নিজ গ্রাম টংগিবাড়ীর চাপ এলাকায় ফিরে আসেন।
হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের সময় বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত থাকলেও গোটা কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। টংগিবাড়ী থানা পুলিশের তৎপরতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল সম্পূর্ণ স্বাভাবিক এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্থানীয় এলাকাবাসী এমন ব্যতিক্রমধর্মী আয়োজন দেখে ব্যাপক উৎসাহ ও আনন্দ প্রকাশ করেছেন। হেলিকপ্টারে করে বিয়ে করার এই ঘটনাটি বর্তমানে টংগিবাড়ীসহ আশপাশের এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।