মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, তবুও নিজেদের মধ্যে খুনোখুনি শুরু করেছে। যারা নিজেদের কর্মীকে হত্যা করে, তারা ক্ষমতায় গেলে দেশের মানুষ কেমন নিরাপদে থাকবে, তা সহজেই অনুমেয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মুন্সিগঞ্জ শহরের পুরোনো কাচারি এলাকায় ডিসি পার্ক সংলগ্ন সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ অতীতে আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতায় বসিয়ে তাদের যোগ্যতা যাচাই করেছে। কিন্তু দু’দলই জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। “জিয়াউর রহমান ও শেখ মুজিব ভালো মানুষ ছিলেন, কিন্তু তাদের উত্তরসূরিরা সেই আদর্শ ধরে রাখতে পারেননি।
দুই দল মিলে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। জনগণ তাদের পরীক্ষা করেছে, এখন ইসলামী আন্দোলনকে একবার পরীক্ষা করার সময় এসেছে,” বলেন মুফতি ফয়জুল করীম।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, সংসদের দুই কক্ষে পিআর পদ্ধতি, রাষ্ট্রীয় সংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেন। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।