মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) টঙ্গীবাড়ী শাখার আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএস) এনালিস্ট, বেটস মো. মাহফুজুর রহমান। তিনি গ্রামীণ সড়কগুলোর ব্যবহারযোগ্যতা, অর্থনৈতিক গুরুত্ব, বাজার সংযোগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশগম্যতা বিবেচনায় সড়ক নেটওয়ার্ক তৈরির দিকনির্দেশনা তুলে ধরেন।
কর্মশালায় উপজেলার গুরুত্বপূর্ণ পাঁচটি গ্রামীণ সড়ককে প্রাথমিকভাবে অগ্রাধিকারভিত্তিক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এসব সড়ক ভবিষ্যতে উপজেলা পর্যায়ের উন্নয়ন পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাবে বলে জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী প্রকৌশলী রাজু শেখ, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মো. রনি শেখ, এলজিইডি’র সার্ভেয়ার তৌহিদ খান তুসার, আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু কাউসার সোহেলসহ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকগণ।
কর্মশালায় বক্তারা বলেন, গ্রামীণ সড়কগুলো টেকসই উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতির প্রাণ। এসব সড়কের সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়ন হলে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় জনগণের ভোগান্তি অনেকাংশে কমবে।চলমান প্রকল্পের অংশ হিসেবে উপজেলার অন্যান্য ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলোকেও পর্যায়ক্রমে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।