দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর থেকে ২৪ বোতল বিদেশি মদসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের মধ্যে রয়েছে ১৫ বোতল আইস ভদকা ও ৯ বোতল এসি ব্ল্যাক ব্র্যান্ডের ভারতীয় মদ।
আটককৃত যুবক হলেন দুর্গাপুর উপজেলার মিনকী ফান্দা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. রুহুল আমীন (২১)।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির অধীনস্থ বারমারী বিওপি’র চার সদস্যের একটি বিশেষ টহল দল দুর্গাপুর ইউনিয়নের চন্দ্রকোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবির অধিনায়ক জানান, অভিযানে সীমান্ত পিলার ১১৬২ এমপি হতে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই এলাকা থেকে বিদেশি মদের বোতলসহ রুহুল আমীনকে আটক করা হয়।
জব্দকৃত ২৪ বোতল মদসহ আটককৃতকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।