চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) নগরের পার্কভিউ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথার খুলির সেই অংশ প্রতিস্থাপন করা হয়। বর্তমানে মামুনের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।
একই ঘটনায় আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদের অবস্থাও উন্নতির দিকে। গত দুই মাস ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। বর্তমানে ইমতিয়াজকে নিয়মিত ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে।
মামুনের অপারেশন পরিচালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মু. ইসমাঈল হোসেন। তিনি বলেন, “অপারেশনের পর কিছু জটিলতা থাকে, তাই আমরা তাৎক্ষণিকভাবে জানাইনি। তবে অপারেশন সফল হয়েছে। দু-এক দিনের মধ্যেই তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।”
উল্লেখ্য, গত ৩০ আগস্ট দিবাগত রাত সোয়া ১২টা থেকে ৩১ আগস্ট দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এক ছাত্রীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘর্ষে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, তৎকালীন প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ প্রায় ২০০ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা আহত হন।
সংঘর্ষে গুরুতর আহত মামুন ও ইমতিয়াজকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে পার্কভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মাথার গুরুতর আঘাতের কারণে মামুনের খুলির একটি অংশ ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল, যা দুই মাস পর সফলভাবে পুনঃস্থাপন করা হলো।