মুন্সিগঞ্জ প্রতিনিধি :
মুন্সিগঞ্জ সদর উপজেলার রতনপুর এলাকায় হাত-পা বাঁধা ও কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পঞ্চসার ইউনিয়নের রতনপুর আনসার ক্যাম্পের পাশের একটি ডোবায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।
নিহত অটোরিকশা চালকের নাম মজিবর মাঝি (৪৫)। তিনি বরিশাল জেলার হিজলা থানার বাসিন্দা এবং মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের ছেলে মো. রাসেল জানান, তার বাবা স্থানীয় একটি গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিকশা চালাতেন। গত শুক্রবার সকালে মাওয়া যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি। পরদিন গ্যারেজ মালিক তাকে ফোনে বিষয়টি জানালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রাসেল। সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে বাবার মরদেহ পাওয়ার খবর পান তিনি।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার হলেও অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।চলমান তদন্তে হত্যার কারণ ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।