মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তুহিন দেওয়ান (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত তুহিন স্থানীয় ইউনিয়ন কৃষক লীগ সভাপতি সেলিম দেওয়ানের ছেলে।
রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ বেহেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রান্ত সরকার বলেন, “তুহিনের মাথা ও পিঠে দুটি গুলির আঘাত ছিল। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।”
স্থানীয়রা জানান, নিহত তুহিন স্থানীয় বিএনপির দুটি প্রভাবশালী গ্রুপের একটি পক্ষের সমর্থক ছিলেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি ও তার সহযোগীরা এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। সম্প্রতি এলাকায় ফিরে আসার পর প্রতিপক্ষ বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার অনুসারীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ স্থানীয়দের।
তুহিনের মা লাখি বেগম বলেন, “উজির আলী গ্রুপের লোকজন আমার ছেলেকে বাড়ির পাশে ডেকে নিয়ে যায় এবং অতর্কিতে গুলি করে হত্যা করে।”
অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলেও উজির আলী ও আওলাদ মোল্লার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”