নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা তালুকদার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় সাজ্জাদ তার বাবাকে লাঠি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা অভিযুক্তকে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে সাজ্জাদকে আটক করেন। নিহতের পরিবারের দাবি অভিযুক্ত সাজ্জাদ মানসিক ভারসাম্যহীন।
বৃদ্ধ মোস্তফা তালুকদার উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৬) মানসিক ভারসাম্যহীন। গত তিন চার বছর আগেও সাজ্জাদ তার বাবা হাতের চারটি আংগুল কেটে ফেলে।
তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঢাকায় শ্যামলি নামে একটি ম্যান্টাল হাসপাতালে ভর্তি ছিলেন। তারপরও তিনি সুস্থ হননি। সাজ্জাদ প্রায় সময় নিখোঁজ হয়ে যেতেন। কয়েকদিন পর আবার নিজে নিজেই বাড়িতে ফিরে আসতেন।
শনিবার রাতে প্রতিদিনের মতো খাবার শেষে নিজ ঘরে শুয়ে পড়েন সাজ্জাদের বাবা। সাজ্জাদ ঘরে ঢুকে বুজে উঠার আগেই বাবাকে লাঠি দিয়ে আঘাত করেন। পরে মোস্তফা তালুকদারের চিৎকার চেঁচামেচিতে লোকজন এসে আহত অবস্থায় উদ্ধার করেন।
পরে হাসপাতালে নিয়ে আসার মুহূর্তে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এদিকে স্থানীয়রা সাজ্জাদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহ শামছুল আলম জানান, ঘাটুয়া গ্রামে ছেলের লাঠির আঘাতে মোস্তফা তালুকদার নামে একজন লোক নিহত হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।