আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্র সেবারহাট বাজারে দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণ বাজার কমিটির পরিবর্তে নতুন কমিটি গঠনের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সেবারহাট শেরে ই বাংলা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ঝলক ফ্যাশনের মালিক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও নকীব নাসীরের স্বত্বাধিকারী নুর হোসেন হিমেলের সঞ্চালনায় এই সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ কাজী জহুরুল ইসলাম মাসুদ। বক্তব্য দেন ব্যবসায়ী নেতা আবু নাছের, সেবারহাট মেডিকেল সেন্টারের মালিক আবুল খায়ের, দিদার ট্রাভেলসের দিদারুল আলম, নিউ ফ্যাশনের নুরনবী, বানিজ্য বিতানের সৌরভ হোসেন, জামাল ব্রাদার্সের জামাল উদ্দিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন।
মাওলানা ইমান উদ্দিনের তেলাওয়াত ও মাওলানা এনায়েতের বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ব্যবসায়ীরা জানান, প্রায় ১৫ বছর আগে সর্বশেষ নির্বাচন হলেও তিন বছরের মেয়াদি কমিটি এখনো কার্যকর রয়েছে। অনেক সদস্য মারা গেছেন ও কেউ কেউ বিদেশে অবস্থান করছেন। এতে বাজার পরিচালনায় স্থবিরতা দেখা দিয়েছে।
প্যানেল চেয়ারম্যান মাসুদ বলেন, আগামী জানুয়ারির মধ্যেই বাজার কমিটির নির্বাচন সম্পন্ন করতে উদ্যোগ নেওয়া হবে।