বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “আমাদের তরুণ শিক্ষার্থীরা যদি ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট শাসনকে বিদায় দিতে পারে, তবে তারা বাংলাদেশে ইসলামের বিজয়ও নিশ্চিত করতে পারবে।”
শনিবার বিকেল ৪টায় বাউফল পৌর শহরের মুসলিমপাড়া বালুর মাঠে রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার হিফজ বিভাগের সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মাসুদ বলেন, “ওই সময় তরুণদের স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। কিন্তু প্রকৃত ন্যায়বিচার দিতে পারে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীর কোনো আইন ব্যবস্থায় প্রকৃত ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়।” তিনি আরও বলেন, “আমরা অন্য মাদ্রাসাগুলোর সঙ্গে একসঙ্গে চলতে চাই, স্কুল-কলেজ ও তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি বড় পরিবর্তন আনতে চাই। বাউফলের পরিবর্তনের মধ্য দিয়েই আমরা বাংলাদেশকে বদলাব।”
জামায়াতের এই নেতা বলেন, “পরিবর্তনের সূচনা ব্যক্তিকে দিয়েই শুরু হয়। ব্যক্তি পরিবর্তিত হলে পরিবার বদলায়, পরিবার বদলালে সমাজ, সমাজ বদলালে রাষ্ট্র পরিবর্তিত হয়, আর রাষ্ট্র পরিবর্তনের মধ্য দিয়েই গড়ে ওঠে একটি সভ্য সমাজ।”
তিনি আরও যোগ করেন, “রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার মাধ্যমে আমরা সেই ইসলামী দাওয়াত পৌঁছে দিতে চাই, যাতে ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে বাউফলকে বদলানো যায়, বাউফলের পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে, আর বাংলাদেশের পরিবর্তনের মাধ্যমে বিশ্ব মুসলিমদের বিজয়ের বার্তা পৌঁছে দেওয়া যায়।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার চেয়ারম্যান, সাবেক ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসাইন। প্রধান আলোচক ছিলেন মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। শিক্ষার্থীদের সবক প্রদান করেন বিশ্বজয়ী হাফেজে কোরআন হযরত মাওলানা জাকারিয়া।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।