মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা
রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় ব্যবসায়ীর বাসায় সংঘটিত ১০০ ভরি স্বর্ণ ও ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত তিন আসামিকে ভোলায় গ্রেপ্তার করেছে র্যাব-৮।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া এলাকা থেকে র্যাবের একটি দল তাদের আটক করে। পরে রাতে র্যাব ক্যাম্পে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
গ্রেপ্তাররা হলেন—সোহান (৩৫), তার বোন কুলসুম বেগম এবং আত্মীয় বকুল বিবি। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া এক ভরি ১০ আনা স্বর্ণ ও নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-৮ এর অধিনায়ক লে. রিফাত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পরবর্তী আইনি পদক্ষেপের জন্য গ্রেপ্তারকৃতদের ঢাকার দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর রাজধানীর মিরপুরে ওই ডাকাতির ঘটনা ঘটে। মামলায় মোট ৯ জনকে আসামি করা হয়, যাদের মধ্যে এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।