মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত সহিংসতার প্রতিবাদে ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার আয়োজনে শহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান।
শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা সদস্য হাফেজ মাওলানা আব্দুল বাতেন, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সোবাহান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল তা ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। সেদিন সশস্ত্র হামলা চালিয়ে মানুষ হত্যা করা হয় এবং লাশের ওপর নৃত্য করার মধ্য দিয়ে তারা নৃশংসতার নজির স্থাপন করে।
” বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের আওতায় আনার দাবি জানান।সমাবেশ শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে জেলা, উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।