বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “আগামী দিনে বিএনপি দেশের যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে। বেকারত্বকে জাদুঘরে পাঠিয়ে হতাশায় নিমজ্জিত তরুণ সমাজের মুখে আবারও হাসি ফোটাবে।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, “জনগণের রায়ে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে প্রথম ১৮ মাসের মধ্যে এক কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নতুন কলকারখানা স্থাপন করা হবে, বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করা হবে। পাশাপাশি শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালু করা হবে।”
তিনি আরও বলেন, “দেশের তরুণরাই পরিবর্তনের শক্তি। তাই সময় এসেছে তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নয়নমুখী, স্বচ্ছ ও জনগণের সরকার গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বিএনপির এই নেতা যুবসমাজকে আহ্বান জানিয়ে বলেন, “তারেক রহমানের প্রতি আস্থা রেখে ধানের শীষে ভোট দিন, যাতে আগামী প্রজন্মের বাংলাদেশে বেকারত্ব নয়—সম্ভাবনাই হয়ে ওঠে জাতির পরিচয়।”
সমাবেশ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল। এতে আরও বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবদুল মালেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।