নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনায় হাওর নদী জলাশয়ের মাছসহ জলজ ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় পরিবেশবাদী সংগঠন বারসিক এর উদ্যোগে শহরের মোক্তারপাড়া পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচী পালন করা হয়।
এতে ক্ষতিকারক চায়না দুয়ারি জালের উৎপাদন, বিক্রি, মজুত ও ব্যবহার সম্পূর্ণ বন্ধের আহ্বান জনানো হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এতে বক্তব্য রাখেন, সাংবাদিক আলপনা বেগম, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি তানভীর জাহান চৌধুরী, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, জানমা জেলে সংগঠনের সভাপতি যোগেশ চন্দ্র দাস, সমাজকর্মী মৃনালকান্তি চক্রবর্তী, লেখক গবেষক সোহরাব উদ্দিন আকন্দ, শিক্ষার্থী কমা আকতার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, চায়না দুয়ারি জাল নির্বিচারে দেশীয় ছোট, মা ও পোনা মাছ, জীববৈচিত্র ও জলজ প্রাণী ধ্বংস করছে। ফলে দেশীয় মাছ প্রাকৃতিকভাবে উৎপাদন কমে যাচ্ছে। হুমকির মুখে পড়েছে হাওরের উৎপাদিত মিটা পানির এসব মাছ। অবিলম্বে এই ক্ষতিকর জাল সরবরাহকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।