মাদারীপুরের শিবচরে দেশবিরোধী ষড়যন্ত্র ও উগ্র কর্মকাণ্ডে জড়িত হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ৭১ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেয় স্থানীয় বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমান, ওলামা-মাশায়েখ ও সাধারণ জনগণ।
কর্মসূচির আয়োজন করে হাজী শরিয়তুল্লাহ (রহ.) সমাজ কল্যাণ পরিষদ। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ও হাজী শরীয়তুল্লাহর সপ্তম পুরুষ পীরজাদা হজরত মাওলানা হানজালা সাহেব। মিছিলটি ৭১ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভকারীরা এ সময় “ইসকন নিষিদ্ধ করো, মুসলিম হত্যা বন্ধ করো, দেশবিরোধী ষড়যন্ত্রের বিচার চাই”—এমন স্লোগান দেন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসকন দীর্ঘদিন ধরে দেশে উসকানিমূলক ও উগ্র কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মুসলিম খতিব, ওলামা ও সাধারণ নাগরিকদের বিরুদ্ধে অপপ্রচার, নারী নির্যাতন, গুম ও হত্যার মতো ঘটনাগুলো তাদের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
সভাপতির বক্তব্যে পীরজাদা হানজালা সাহেব বলেন, “ইসকন একটি উগ্র সংগঠন, যারা ধর্মের নামে সন্ত্রাস চালাচ্ছে। আমরা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের শত্রু নই; তারা এই দেশের নাগরিক, আমরা তাদের সম্মান করি। তবে ইসকনের বিচার না হওয়া পর্যন্ত শিবচরের মাটিতে তাদের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না।”
বক্তারা আরও বলেন, ইসকনের কর্মকাণ্ড দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করছে। তারা দাবি জানান, সংগঠনটির কার্যক্রম অবিলম্বে বন্ধ করে রাষ্ট্রীয়ভাবে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।