আমজাদ শিবলু, সেনবাগ (নোয়াখালী )
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামে অবস্থিত বীর বিক্রম শহীদ তরিক উল্ল্যাহ স্টেডিয়াম, যা আগে ‘সেনবাগ স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল, অবশেষে নতুন রূপে ফিরে আসছে। প্রায় এক যুগ ধরে পরিত্যক্ত থাকা এই ঐতিহাসিক মাঠ সংস্কার ও আধুনিকায়নের জন্য ৫ কোটি টাকারও বেশি বরাদ্দের চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে।
সাবেক ছাত্র সমন্বয়ক ও বর্তমান যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক, সেনবাগের কৃতিসন্তান মো. কামরুজ্জামান দৈনিক সকাল কে বলেন, “নোয়াখালীর সবচেয়ে বড় স্টেডিয়াম এটি। বরাদ্দ বাস্তবায়ন হলে আমাদের প্রথম কাজ হবে মাঠ পরিষ্কার করা, সমতলকরণ ও নতুন ঘাস লাগানো। বর্ষাকালে পানি জমে না থাকার জন্য উন্নত ড্রেনেজ ব্যবস্থা করা হবে। পাশাপাশি সীমানা প্রাচীর, প্রবেশদ্বার সংস্কার, নতুন গ্যালারি, ভিআইপি স্ট্যান্ড ও আলোকসজ্জা স্থাপন করা হবে। খেলোয়াড়দের জন্য থাকবে ড্রেসিং রুম ও বিশ্রামাগার।”
তিনি আরও জানান, এসব কাজ শেষ হলে মাঠটি জেলা পর্যায়ের বড় খেলাধুলা যেমন ফুটবল লিগ, ক্রিকেট টুর্নামেন্ট ও স্কুলগেমস আয়োজনে উপযোগী হবে। কুমিল্লার নাঙ্গলকোটসহ আশপাশের এলাকায় এমন মানসম্পন্ন স্টেডিয়াম না থাকায় এটি চালু হলে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ ফিরে আসবে।
কামরুজ্জামান বলেন,
“উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে স্টেডিয়ামের কার্যক্রম পরিচালিত হবে। জেলা পর্যায়ের খেলা ছাড়া সারা বছর স্থানীয় ও আঞ্চলিক টুর্নামেন্টের জন্য মাঠ ভাড়া দেওয়া হবে। এতে সরকার রাজস্ব পাবে এবং সেই আয় রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় করা সম্ভব হবে।”
উল্লেখ্য, ২০০৪ সালে সেনবাগ স্টেডিয়ামের নির্মাণ শুরু হয়ে ২০০৬ সালের অক্টোবরে উদ্বোধন হয়। কিন্তু ২০১৩ সালের পর থেকে মাঠে বড় কোনো খেলা অনুষ্ঠিত হয়নি। বর্তমানে সংস্কার কাজ বাস্তবায়িত হলে নোয়াখালী অঞ্চলের যুবসমাজ আবারও খেলাধুলায় যুক্ত হয়ে মাদক ও সামাজিক অনিয়ম থেকে দূরে থাকার নতুন সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।