আক্কাস আলী, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জে পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার মহাকালি ইউনিয়নের লোহারপুল এলাকায় একটি পুকুর থেকে এক অজ্ঞাতপরিচয় পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে শ্রীনগর উপজেলায় অটোরিকশা চালক ইয়াসিন (১৯) পিটুনিতে নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে লোহারপুল বাজার সংলগ্ন শেখ বাড়ির পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত পুরুষের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ দুপুর দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম সাইফুল আলম জানান, স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সদর বা টঙ্গীবাড়ীসহ আশপাশের এলাকায় কেউ নিখোঁজ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, মুন্সিগঞ্জের শ্রীনগরে অটোরিকশা চালক ইয়াসিন (১৯) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইয়াসিন শ্রীনগর উপজেলার আরধীপাড়া গ্রামের ইউসুফ আলির ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার সকালে উপজেলার দয়াহাটা নাপিতবাড়ি এলাকায় স্থানীয় এক নারী খালেদা আক্তারের সঙ্গে অটোরিকশা চুরি নিয়ে বাগবিতণ্ডার জেরে হৃদয় মোল্লা, মোয়াজ্জেম ও ইউপি সদস্য সোহাগ মেম্বারের নেতৃত্বে ১০-১২ জন ইয়াসিনকে তিন দফায় বেদম মারপিট করে। গুরুতর আহত অবস্থায় তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বৃহস্পতিবার ভোররাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিনের মৃত্যু হয়।
নিহতের পিতা ইউসুফ আলী অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা আমার ছেলেকে আটকে রেখে বারবার মারধর করে। এমনকি পানি চাওয়ার পরও তাকে পানির সঙ্গে কিছু মিশিয়ে খেতে দেয়, এরপর তার অবস্থা আরও খারাপ হয়ে যায়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পৃথক এই দুটি ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ উভয় ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।