সখীপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের রতনপুর খন্দকারপাড়া এলাকায় প্রেমঘটিত বিরোধের জেরে মেহেদী হাসান (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির উঠোনে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত মেহেদী হাসান পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি রতনপুর পূর্বপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী ফরমান আলীর মেয়ে সাদিয়া আফরিন (১৪)-এর সঙ্গে মেহেদীর প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি মেয়ের পরিবার মেনে না নেওয়ায় দুজন বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে মেহেদীর পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে তিন দিন পর মেয়েটি আবারও পালিয়ে যায়। পরে তার ভাই সাব্বির হোসেন (২৫) তাকে ফিরিয়ে আনে। স্থানীয়দের দাবি, এরপর মেহেদী সাদিয়ার সঙ্গে দেখা করতে গেলে মেয়ের বাবা ও ভাই ক্ষুব্ধ হয়ে তাকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। এর তিন দিন পরই মেহেদীর মরদেহ বাড়ির উঠোনে পাওয়া যায়।
নিহতের পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্কের জের ধরে মেহেদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ফরমান আলী ও তার ছেলে সাব্বির পলাতক রয়েছেন। এমনকি তারা তাদের ফোনও বাড়িতে ফেলে গেছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
সখীপুর থানা পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।