মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি)
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার মাইনি রোডের বেতছড়ি এলাকায় বেইলি ব্রিজের একটি পাট্টা খুলে গিয়ে সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে একটি ট্রাক ব্রিজের ওপর উঠলে হঠাৎ ব্রিজের একটি পাট্টা খুলে যায় এবং ট্রাকের চাকা সেখানে আটকে পড়ে। এতে দীঘিনালা-মাইনি-লংদু সড়কে সকল ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
ঘটনার পর উভয় দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব ও সময়মতো সংস্কার না করার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে বারবার।
বেতছড়ি এলাকার সাবেক মেম্বার সালাম মিয়া বলেন, “এই ব্রিজটি বহু আগেই মেয়াদোত্তীর্ণ ও ব্যবহারের অনুপযুক্ত ছিল। তারপরও এটি ব্যবহার করতে হচ্ছে আমাদের। ব্রিজের নাট-বল্টু ঢিলে হয়ে গেছে, এক পাশে চাপ পড়লে অন্য পাশ দুলে ওঠে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত এর স্থায়ী সমাধান করা।”
স্থানীয় নাগরিক বেতছড়ি এলাকার এক জন বলেন , “মাত্র দুই মাস আগে এই ব্রিজে একটি দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছিলেন। নতুন ব্রিজ নির্মাণের কাজ নিয়েও যথেষ্ট সতর্কতা নেওয়া হয়নি।”
এদিকে, স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগ ঘটনাস্থলে পৌঁছে ব্রিজের পাট্টা মেরামতের কাজ শুরু করেছে। দ্রুত সংস্কার শেষ করে যান চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।