পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি হাসান মামুন বলেছেন, “জোট-নোট বা ভোট—যা-ই হোক না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে চরবিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজার সংলগ্ন মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা। সভায় সভাপতিত্ব করেন চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাকের বিশ্বাস এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।
বক্তব্যে হাসান মামুন বলেন, “৫ আগস্টের অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে। কেউ বিএনপির পাশে দাঁড়িয়েছে, কেউ আবার বিপরীতে গেছে। যে জামায়াতে ইসলামী গত ২২ বছর বিএনপির সঙ্গে ছিল, তারা আজ বিরোধী অবস্থানে। তবে রাজনীতির মাঠে পরিবর্তন আসতে পারে—খোদা না করুক, যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, তাহলে হয়তো জামায়াতে ইসলামী আবার বিএনপির সঙ্গেই যুক্ত হতে বাধ্য হবে।”
তিনি আরও বলেন, “বর্তমানে এনসিপির সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জোট আলোচনা চলছে। যদি নতুন জোট গঠিত হয়, তাহলে পুরনো কিছু দল হয়তো বেরিয়ে যাবে। কিন্তু আমাদের মূল শক্তি ঐক্য—সেই ঐক্যই বিএনপিকে আগামী দিনের রাজনীতিতে বিজয় এনে দেবে।”
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “বিএনপি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারে, তাহলে গলাচিপা উপজেলার চরকাজল, চরশিবা (সাংগঠনিক ইউনিয়ন), চরবিশ্বাস এবং দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়ন নিয়ে একটি নতুন প্রশাসনিক থানা গঠন করা হবে। পরবর্তীতে সেটিকে উপজেলা হিসেবে উন্নীত করা হবে, যাতে এ অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক উন্নয়ন ত্বরান্বিত হয়।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম মোল্লা ও দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম শানু প্রমুখ।
বিকাল ৩টায় জনসভা শুরু হলেও দুপুর থেকেই বুধবাড়িয়া বাজার সংলগ্ন মাঠে দলে দলে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।