মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক আইসক্রিম ফ্যাক্টরি ও একটি মিষ্টান্ন ভান্ডারকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানকালে দুলাল আইস ফ্যাক্টরিতে দেখা যায়, আইসক্রিম উৎপাদনের সময় মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ করা হয়নি। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক গৌতম মণ্ডলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সুভাষ মিষ্টান্ন ভান্ডারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও রসমালাই প্রস্তুত করার অভিযোগে মালিক সুভাষ ঘোষকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি দল।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন,
“আমরা নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছি। আজ দিঘিরপাড় বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছি। পাশাপাশি মালিকদেরকে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।”