নাটোরের গুরুদাসপুর উপজেলার আনন্দ নগর কালুর ঘাট ব্রিজ এলাকায় ট্রলির ধাক্কায় এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহত বৃদ্ধের ছেলে বাদী হয়ে ট্রলিচালক রবিউল ইসলাম (২৫) এর বিরুদ্ধে গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর সকাল সাড়ে ৯ টার দিকে আনন্দনগর ব্রিজ এলাকায় আসলে ইট বোঝাই স্যালোমেশিন চালিত ট্রলির সাথে ব্যাটারিচালিত ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন বৃদ্ধ মো. শফিকুল ইসলাম (৫৪) ও ভ্যান চালক জিহাদ খলিফা (১৯)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বৃদ্ধ শফিকুল ইসলাম ও ভ্যান চালক জিহাদ শরীরের বিভিন্নস্থানে জখম ও আঘাত প্রাপ্ত হন। ঘটনার পর পরই ট্রলি চালক রবিউল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
বাদী মো. আল আমিন সরদার (২২) বলেন, আমার বাবা যোগেন্দ্রনগর থেকে ভ্যান যোগে চাঁচকৈর বাজারের উদ্দেশ্যে রওনা দিলে আনন্দ নগর কালুরঘাট ব্রিজের দক্ষিণ পার্শ্বে আসলে ইট বোঝাই ট্রলি ভ্যান গাড়িকে সামনে থেকে ধাক্কা দেওয়া হয়। এতে আমার বাবার জীবন মারাত্মক ঝুঁকিতে রয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি। সেই সঙ্গে উপজেলা প্রশাসনের কাছে লাইসেন্স বিহীন এধরণের গাড়িগুলোকে নিষিদ্ধের দাবি জানাই।
ট্রলিচালক রবিউল ইসলাম বলেন,- তিনি মেসার্স হাকিম ব্রিকস এর ইটভাটা থেকে ট্রলি বোঝাই ইট নিয়ে যোগেন্দ্রনগর যাচ্ছিলেন। আনন্দনগর ব্রিজের নিচে আসলে ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আমার ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমিও আহত হয়েছি।
এ ঘটনার বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।